ট্রাম্পের ফোনকল বিতর্ক: বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা সভাপতি
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল মানেই কোটি কোটি ক্রীড়াপ্রেমীর চোখ মেলবোর্ন থেকে নিউইয়র্কমুখী থাকা, আর বিশ্ব ফুটবলের রথীমহারথীদের জন্য ভিআইপি গ্যালারিতে নির্ধারিত স্থানে উপস্থিতি। ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারক সংস্থা উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন)-এর সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের জন্যও গ্যালারিতে বরাদ্দ ছিল বিশেষ আসন। তবে টুর্নামেন্টের শুরু থেকেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিতর্কিত একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে সেই ফাইনাল ম্যাচেই উপস্থিত হননি তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ২০২৬ বিশ্বকাপজুড়ে ফিফার নেওয়া বেশ কিছু নজিরবিহীন ও বিতর্কিত সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়েই সেফেরিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেন।
এবারের আসরের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে নিয়ে। নকআউট পর্বের একটি ম্যাচে সরাসরি লাল কার্ড পাওয়ার পরেও নিয়ম ভেঙে তার পরের ম্যাচেই মাঠে নেমেছিলেন এই মার্কিন তারকা। সাধারণ নিয়ম অনুযায়ী লাল কার্ডপ্রাপ্ত খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনকলের পরেই ফিফা তড়িঘড়ি করে বিবৃতি জারি করে জানায়, ফিফা আচরণবিধির ২৭ অনুচ্ছেদ অনুযায়ী বালোগানের সাজা এক বছরের ‘প্রবেশনারি পিরিয়ড’-এর অধীনে স্থগিত রাখা হয়েছে এবং তিনি খেলার জন্য উপযুক্ত!
ফিফার এই অভূতপূর্ব সিদ্ধান্তে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। উয়েফা সেসময়ই এক বিবৃতিতে ফিফার এই পদক্ষপকে ‘নজিরবিহীন ও অবোধগম্য’ হিসেবে আখ্যা দেয়। দ্য টাইমসের দাবি, মূলতঃ রাজনৈতিক প্রভাবে নিয়মনীতি বদলে দেওয়ার এই অপসংস্কৃতির প্রতিবাদ জানাতেই ফাইনালের গ্যালারিতে যাননি উয়েফা প্রধান।
শুধু বালোগান বিতর্কই নয়, ফিফার আরও বেশ কিছু সিদ্ধান্ত উয়েফা প্রধানকে বিুব্ধ করে তুলেছিল। সোমালিয়ার রেফারি ওমর আরতানকে হুট করে বিশ্বকাপ প্যানেল থেকে বাদ দেওয়া, যুক্তরাষ্ট্রে ইরান ফুটবল দলকে বেজক্যাম্প তৈরির অনুমতি না দেওয়া এবং অনভিপ্রেত হাইড্রেশন ব্রেকের নিয়ম চালু করা—সব মিলিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নানা মনগড়া সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই নিজেকে ফাইনাল ম্যাচ থেকে দূরে রাখেন সেফেরিন। অথচ আসরের জমকালো উদ্বোধনী ম্যাচে তিনি মাঠেই উপস্থিত ছিলেন।
|