আদালতের ধাক্কায় আটকে গেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের জোট বাঁধার চুক্তি
অনলাইন ডেস্ক: বিশ্ব বিনোদন জগতের অন্যতম বৃহৎ দুই শক্তি প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের বহুকাঙ্ক্ষিত একীভূতকরণ (Merger) চুক্তিতে বড় ধরনের আইনি বাঁধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন ফেডারেল আদালত। যুক্তরাষ্ট্রজুড়ে সিনেমার টিকিটের দাম বৃদ্ধি, কনটেন্ট কমে যাওয়া এবং একচেটিয়া ব্যবসা প্রসারের আশঙ্কায় ক্যালিফোর্নিয়াসহ ১২টি অঙ্গরাজ্যের দায়ের করা মামলার প্রেক্ষিতে চুক্তিটিতে ১৪ দিনের অস্থায়ী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আগামী ৩ আগস্ট এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলাটির শুনানিকালে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক আরাচেলি মার্টিনেজ-ওলগুইন জানান, দুটি বৃহৎ মিডিয়া হাউজের একত্রিত হওয়া বাজারের অবাধ প্রতিযোগিতা এবং সাধারণ দর্শকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে কি না—তা নিয়ে অত্যন্ত গুরুতর ও যৌক্তিক প্রশ্ন রয়েছে।
অঙ্গরাজ্যগুলোর আইনজীবীদের মতে, হলিউডের শীর্ষস্থানীয় পরিবেশকদের একত্রিত করা হলে চলচ্চিত্র ও টেলিভিশন নেটওয়ার্কভিত্তিক বিশ্ব বাজারে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে।
তবে এই আইনি প্রতিবন্ধকতা সত্ত্বেও চুক্তিটি বাস্তবায়নে নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থান ব্যক্ত করেছে প্যারামাউন্ট কর্তৃপক্ষ। তারা আদালতের দরবারে যুক্তি দেখিয়ে বলেছে, আধুনিক বিনোদন জগতে শুধু ঐতিহ্যবাহী স্টুডিওগুলোই প্রতিদ্বন্দ্বী নয়; বরং অ্যামাজন ও নেটফ্লিক্সের মতো বড় স্ট্রিমিং প্লাটফর্মগুলোর সাথে টিকিয়ে থাকতে এই একত্রীকরণ অত্যন্ত জরুরি। তারা দাবি করেছে, এই পদক্ষেপে দর্শকদের বিনোদনের মান বাড়বে, প্রতিযোগিতা কমবে না।
আইনি জটিলতার কারণে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করা না গেলে প্যারামাউন্টকে প্রতিদিন বিপুল পরিমাণ আর্থিক জরিমানা গুনতে হতে পারে। ফলে এই সাময়িক স্থগিতাদেশ কোম্পানি দুটির কোটি কোটি ডলারের মেগা-একত্রীকরণের ভবিষ্যৎকে বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকিতে ফেলে দিল।
|