ফিলিস্তিনি নারী ফুটবলারকে গ্রেপ্তার করল ইসরাইল

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
ফিলিস্তিনি নারী ফুটবলারকে গ্রেপ্তার করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন জাতীয় নারী ফুটবল দলের এক খেলোয়াড়কে গ্রেপ্তার করেছে ইসরাইল। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) নিশ্চিত করেছে যে, ২০ বছর বয়সী ওই নারী ফুটবলারের নাম রন্দ হালওয়ানি। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নারী ফুটবলারকে গ্রেপ্তারের এই ঘটনা ফিলিস্তিনি ক্রীড়াবিদদের ওপর ইসরাইলের পদ্ধতিগত ও ধারাবাহিক নিপীড়নেরই একটি অংশ, যা কোনো প্রকার জবাবদিহিতা ছাড়াই বছরের পর বছর ধরে চালানো হচ্ছে।

আরব সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার কেবল রন্দ হালওয়ানিই নন, অধিকৃত পশ্চিম তীর থেকে আরও ৪ ফিলিস্তিনি তরুণীকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, গ্রেপ্তারকৃত ওই ৪ নারীর বিরুদ্ধে 'সন্ত্রাসী কর্মকাণ্ডে' উস্কানি ও সহযোগিতা দেওয়ার সন্দেহ রয়েছে।

ফিলিস্তিনি বন্দীদের অধিকার রক্ষা বিষয়ক প্রধান সংগঠন ‘প্রিজনার্স ক্লাব’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, এই বন্দিদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরী এবং ৩ জন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

সূত্র: ডেইলি জং। 

এআইএল/সকালবেলা