এশিয়ান গেমসে বৃষ্টির হানা না খেলেই সেমিফাইনালে শীর্ষ বাছাই ভারত

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
এশিয়ান গেমসে বৃষ্টির হানা না খেলেই সেমিফাইনালে শীর্ষ বাছাই ভারত

স্পোর্টস ডেস্ক: ধারাবাহিক বৃষ্টির কারণে কোনো বল তো দূরে থাক, এমনকি টস করার সুযোগ না পেয়েই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল আফগানিস্তান। সোমবার ভারত ও আফগানিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে পৌঁছে গেছে ভারত।

নিশিনে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলায় খেলার পরিবেশ ছিল না বললেই চলে। মাঠের সিংহভাগ অংশ ভারী কভারে ঢাকা থাকলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় টসের নির্ধারিত সময়ের প্রায় ১৬ মিনিট পূর্বেই আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা লড়াইটি পরিত্যক্ত ঘোষণা করেন।

টুর্নামেন্টের বাইলজ ও প্লেয়িং কন্ডিশন অনুয়ায়ী, কোনো কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে যেসব দল এগিয়ে থাকবে, তাদেরকে জয়ী বিবেচনা করে পরবর্তী পর্বে উন্নীত করা হবে। এই সমীকরণের উপর ভর করেই আফগানিস্তানকে বিদায় করে সেমিফাইনালে পা রাখে শীর্ষ বাছাই ভারত।

একই বৃষ্টির কবলে পড়েছে টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোও। পুরুষ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালেও পাকিস্তান ও হংকংয়ের ম্যাচটি বৃষ্টির পেটে যায়। পাকিস্তান র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট কেটে নেয়।

আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান। নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল তাদের মুখোমুখি হবে। উল্লেখ্য, এই ম্যাচটিও ভেস্তে গেলে একই নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কা উঠবে সেমিতে। অন্যদিকে, শেষ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টিতে এই ম্যাচ বানচাল হলেও বাংলাদেশ অনায়াসেই শেষ চারের টিকিট পেয়ে যাবে।

আফগানিস্তানের জন্য এ এক চরম দুর্ভাগ্য জনক অধ্যায়। কারণ টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে ভারতের বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে বিদায় নিতে হলো তাদের। এর আগে ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের ফাইনালেও ভারত-আফগানিস্তান ম্যাচটি ১৮.২ ওভারের পর বৃষ্টিতে ভেস্তে যায় এবং আফগানদের রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার কোনো ম্যাচ মাঠে না গড়িয়েই ছিটকে যেতে হলো তাদের, অন্যদিকে না খেলেই সোজা সেমিফাইনালে উঠেছে ভারত।

মন্তব্য করুন