২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি উন্মোচনের দিনক্ষণ ঘোষণা করল আইসিসি

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি উন্মোচনের দিনক্ষণ ঘোষণা করল আইসিসি

অনলাইন ডেস্ক: আফ্রিকা মহাদেশের মাটিতে গড়াতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি উন্মোচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে আগামী ১ অক্টোবর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি ও সহ-আয়োজক ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে বহুল প্রতীক্ষিত এই সূচি প্রকাশ করবে।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আগামী ১ অক্টোবর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সূচি প্রকাশ করা হবে। সূচি প্রকাশের পর থেকেই শুরু হবে বিশ্বকাপের এক বছরের কাউন্টডাউন। একই দিনে দর্শকদের জন্য অনলাইনে টিকিটের ব্যালট এবং নিবন্ধনের সুবিধাও উন্মুক্ত করা হবে। আইসিসি জানিয়েছে, ২০২৭ সালের ২ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের এই চতুর্দশ আসরের এবং ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যৌথভাবে এ আয়োজনের মূল দায়িত্বে থাকবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।

চার বছর পর আবার পরিবর্তন আনা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের দল ও ফরম্যাটে। ২০১৯ ও ২০২৩ সালের ১০ দলের টুর্নামেন্টের পরিধি বাড়িয়ে এবার ১৪টি দলকে অংশ নেওয়ার সুযোগ দেয়া হচ্ছে। এর মধ্যে ১০টি দল সরাসরি খেলবে এবং বাকি ৪টি দলকে উঠতে হবে কঠোর বাছাইপর্ব পার করে।

আয়োজক তিন দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেলেও নামিবিয়াকে অংশ নিতে হবে বাছাইপর্বে। এছাড়া আয়োজক ব্যতিত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এক প্রকার নিশ্চিত, কারণ নির্দিষ্ট সময়ের আগে র‍্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব।

এবারের টুর্নামেন্টের খেলা পরিচালনার ফরম্যাটেও এসেছে আমূল পরিবর্তন। প্রাথমিক পর্ব শেষে র‍্যাঙ্কিংয়ের তলানির তিন দলকে নিয়ে হবে 'সুপার সিরিজ'। এরপর টিকে থাকা ১২টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেরা সাত দল জায়গা করে নেবে ‘সুপার সেভেন’ রাউন্ডে। সুপার সেভেনের শীর্ষ চার দল খেলবে দুই সেমিফাইনালে এবং পরবর্তীতে জয়ী দুই দল ২১ নভেম্বর ফাইনালে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।

মন্তব্য করুন