কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু
মোঃ হাবিবুর রহমান মুন্না, জেলা প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের নিকটবর্তী শাসনগাছা রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে লাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন জোৎস্না বেগম ও নাতনি চাঁদনী। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
নিহত জোৎস্না বেগমের স্বজন জোহরা আক্তার জানান, চিকিৎসকের পরামর্শ নিতে নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে এসেছিলেন জোৎস্না বেগম। ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার উদ্দেশে রওনা হয়ে শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময়ই এই মর্মান্তিক পরিণতি ঘটে।
দুর্ঘটনার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|