নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবির জন্মজয়ন্তী পালন
মহসিন মিয়া, নেত্রকোনা: সাম্য, দ্রোহ ও প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 'গাহি সাম্যের গান' এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নেত্রকোনা জেলা সংসদ।
নজরুল জয়ন্তীর এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু।
নেত্রকোনা জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর। আলোচনা সভায় কবি নজরুলের জীবন, কর্ম ও দর্শনের ওপর আলোকপাত করে আমন্ত্রিত বক্তারা বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার এক কালজয়ী কবি। তাঁর ক্ষুরধার সাহিত্য, গান এবং বৈপ্লবিক দর্শন আজও আমাদের সমাজকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জোগায়।” বক্তারা এ সময় বর্তমানের সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয় রুখতে নতুন প্রজন্মের কাছে নজরুলের সাম্যবাদী আদর্শ ও সৃষ্টিকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে কবির সাহিত্য ও জীবনের নানা দিক নিয়ে তাত্পর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক ননী গোপাল সরকার, বিশিষ্ট অধ্যাপক ও লেখক পূরবী সম্মানীত এবং বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
স্মরণসভার আলোচনা পর্ব শেষে উদীচীর স্থানীয় ও আমন্ত্রিত একঝাঁক প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সংগীত ও আবৃত্তি বিভাগের শিল্পীরা একে একে কবির কালজয়ী নজরুল সংগীত, দেশাত্মবোধক গান ও দ্রোহের কবিতা আবৃত্তি পরিবেশন করেন। শিল্পীদের চমৎকার এই পরিবেশনা উপস্থিত শত শত দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে এবং পুরো মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলেই করতালির মাধ্যমে কবির অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এআইএল/সকালবেলা