এলেঙ্গার সিনেমা হলে অনৈতিক কার্যকলাপ: আটক ৪
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় অবস্থিত কস্তুরী সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—কস্তুরী সিনেমা হলের মালিক মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে সুজন মিয়া (৩২), হলের স্টাফ জামালপুর সদর উপজেলার বামনগর গ্রামের মৃত ফজলুল হক ননির ছেলে মো. আব্দুল্লাহ (৩০), মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামের ধীজেন বর্মনের ছেলে নগর বর্মন (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চান্দুনী গ্রামের মৃত বাছেদ মিয়ার স্ত্রী মোছা. সুমাইয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কস্তুরী সিনেমা হলের ভেতরে সিনেমা প্রদর্শনের আড়ালে বিভিন্ন কেবিন ও গোপন কক্ষে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। শনিবার দুপুরে হলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার সুনির্দিষ্ট তথ্য পেয়ে কালিহাতী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় হলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় এক নারী ও দুই পুরুষসহ মোট চারজনকে হাতেনাতে আটক করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সিনেমা হলের আড়ালে কোনো ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং এ ধরনের অপকর্ম বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এদিকে দীর্ঘদিন ধরে চলা এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে হলটির লাইসেন্স বাতিলসহ স্থায়ী ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা
|