দেশকে উন্নয়নশীল করেছিলেন জিয়াউর রহমান: ড. কাজী মনির
আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চের পরিচিতি সভা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।
আজ শনিবার বেলা ১২টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ও পৌর জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিতে অম্লান। তিনি তৎকালীন তলাবিহীন ঝুড়ির অপবাদ পাওয়া এ দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর এই আদর্শ বুকে ধারণ করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, "দলের মধ্যে কোনো ধরনের আত্মঘাতী কোন্দল বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আগামী দিনের যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
জিয়া মঞ্চ উপজেলা কমিটির সভাপতি মো. লিয়াকত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও এপিপি অ্যাডভোকেট শিকদার ইমরান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জিয়া মঞ্চ পৌর কমিটির সভাপতি কাজী মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এআইএল/সকালবেলা