বঙ্গলতলী ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামে কাচালং নদীতে ডুবে কালায়ে চাকমা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দাদুর সঙ্গে কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালায়ে চাকমা বালুখালী গ্রামের বাসিন্দা লক্ষ্মণ চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরা শেষে দাদুর পিঠে চড়ে নদী পার হওয়ার সময় পানির তীব্র স্রোতে কালায়ে চাকমা তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস শেফালী চাকমা জানান, নদী পার হওয়ার সময় পানির স্রোতে শিশুটি ভেসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
এআইএল/সকালবেলা