রাজবাড়ীতে বাস-বাইক সংঘর্ষে যুবক নিহত
রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ প্রামাণিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিপাড়া বীজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ প্রামাণিক রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরুজ প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী পলাশ। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|