আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

সাঈদ পান্থ, বরিশাল: পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে জহিরুল শিকদার (৩৯) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জহিরুল ওই গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জহিরুল শিকদারের সাথে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সেন্টু শিকদার, শান্ত শিকদার এবং জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদার গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে বুধবার বেলা ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, দিনের বেলার ওই ঘটনার প্রতিশোধ নিতেই বুধবার দিবাগত রাতে জহিরুল শিকদারকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর আসামিরা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, "আমার ভাইকে আসামিরা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার ওপর ফেলে রেখে যায়।" জহিরুলের স্ত্রী ও মামলার বাদী মনি বেগম বলেন, "সেন্টু, শান্ত, জাহাঙ্গীর ও জুয়েল মিলে আমার স্বামীকে রাতে ডেকে নিয়ে খুন করেছে। আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই।"

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি—ছোট বাশাইল গ্রামের শান্ত শিকদার (২২) এবং জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করেছে।"

ওসি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মামলার প্রধান আসামিসহ পলাতক অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন