কুলাউড়ায় বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
কুলাউড়ায় বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ জমশেদ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ৭টার দিকে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. আবু নাইয়ুম মিয়া ও এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে একটি আভিযানিক দল মানগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসতঘরের পেছনের খালি জায়গায় একটি স্যানিটারি রিংয়ের ভেতর লুকানো ১০ বোতল 'অফিসার্স চয়েস ব্লু' হুইস্কি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, জমশেদ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদক এনে বেচাকেনা করত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন