ভাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, প্রেমের প্রস্তাব দেওয়া এবং পথরোধ করে হয়রানির অভিযোগে মাহামুদুল হাসান রিফাত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাহামুদুল হাসান রিফাত উপজেলার দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রামের মৃত মাইন উদ্দিন আকনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রিফাত দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। পাশাপাশি প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য চাপ প্রয়োগ এবং অজ্ঞাত সঙ্গীদের নিয়ে তাকে প্রতিনিয়ত বিরক্ত করতেন। বিষয়টি ছাত্রীটি তার পরিবারকে জানালে তার মা অভিযুক্ত রিফাত ও তার অভিভাবকদের সতর্ক করেন। তবে সতর্ক করার পরও হয়রানি অব্যাহত থাকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আসাদ শেখ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৮ জুলাই (২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগী শিক্ষার্থীর সুরক্ষায় তার পরিচয় গোপন রাখা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা