কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে মোহাম্মদ শফিকুল ইসলাম কালামিয়া (৩২) নামে এক যুবক নির্মমভাবে নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের রসুলপুর ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম লোহাজুড়ী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় (৮ নম্বর ওয়ার্ড) এলাকার দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম রসুলপুর ঈদগাহ মাঠের পাশে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁর ওপর আচমকা হামলা চালায়। ঘাতকরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত ও জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন চিৎকার শুনে ছুটে আসেন এবং তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শফিকুলকে মৃত ঘোষণা করেন।
জনবহুল এলাকায় সন্ধ্যার পরপরই এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
হত্যাকাণ্ডের বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ও এসআই সাইদুল ইসলাম জানান, ঘটনাটির খবর পেয়েই পুলিশ তদন্তে নেমেছে। ঠিক কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার রহস্য উদঘাটন ও আসামিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|