বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

ওয়াফিক শিপলু: বগুড়া মহানগরের সেউজগাড়ী পার্ক রোডের তিনমাথা মোড়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নূর মোহাম্মদ আলী (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নূর মোহাম্মদ আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পিঠে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত তাকে উদ্ধার করেন এবং রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকের পিঠে বিদ্ধ গুলিটি এখনও অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে জরুরি চিকিৎসা দিচ্ছেন।

এদিকে রাতের আঁধারে এমন হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে এবং কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতিমধেই তদন্ত শুরু করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন