ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারের ওপর গাছভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি আরেকটি ট্রাকের তীব্র ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। 

সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছবাহী ট্রাকের চালক মো. শামিম (৩০)। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা ছিলেন। অপর নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত ওই একই ট্রাকের হেলপার (সহকারী), যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা যশোরগামী মাছবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতির ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকটির সম্মুখভাগ প্রচণ্ড আঘাতে দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনের ভেতরেই চাপা পড়ে ঘটনাস্থলে চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভোরে আতাদি ফ্লাইওভারের কাছে দুই ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই মাছবাহী ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের পরিচয় তাঁর পকেটে থাকা আইডি কার্ড দেখে শনাক্ত করা গেলেও নিহত হেলপারের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাক দুটি জব্দ করেছে এবং এ ঘটনায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।”

উল্লেখ্য, ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এই আতাদি ফ্লাইওভার এলাকাটি বর্তমানে তীব্র দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। গত তিন দিনে একই এলাকায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা