বেতাগীতে ডাকাতদের গুলিতে যুবক আহত

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ
বেতাগীতে ডাকাতদের গুলিতে যুবক আহত

মো. সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার কিসমত করুনা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত কিসমত করুনা এলাকায় প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চারদিক থেকে ঘেরাও করে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ডাকাত দল ও গ্রামবাসীদের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে গণপ্রতিরোধের মুখে দুর্বৃত্তরা গুলি ছুড়লে রিমন নামে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হন।

আহত রিমনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর শরীরে গুলির আঘাত গুরুতর হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বেতাগী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কোন চক্র ডাকাতির উদ্দেশ্যে এসেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বেতাগী থানার পুলিশ জানায়, পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারে বিশেষ অভিযান চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা