ফেনীতে প্রসূতি মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবি

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ
ফেনীতে প্রসূতি মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবি

ফেনী প্রতিনিধি: ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকার গৃহবধূ নাঈমা আক্তার লিজার মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার (১৬ মে) বেলা ১২টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিহতের পরিবার ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন লিজার বাবা মোহাম্মদ নূর করিম, ভাই ইয়াছিন আরাফাত রুবেল, স্বজন জুলিয়া আক্তার, তাহমিনা আক্তার, রিয়াদ, সবুজ এবং স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন, মো. আজাদ ও বেলায়েত হোসেন। বক্তারা বলেন, গত ১০ এপ্রিল নাঈমা আক্তার লিজা প্রসব ব্যথা নিয়ে ফেনী ‘ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে’ ভর্তি হন। সেদিন রাতে তাঁর সিজারিয়ান অপারেশন হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

স্বজনরা অভিযোগ করেন, পরদিন সকালে নবজাতককে রেখে লিজাকে ‘ফেনী প্রাইভেট হাসপাতালে’ পাঠায় ওয়ান স্টপস কর্তৃপক্ষ। সেখানে দীর্ঘ চার ঘণ্টা অপারেশন থিয়েটারে রাখার পর বিকেলের দিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তবে চট্টগ্রাম নেওয়ার পথেই গাড়িতে লিজার মৃত্যু হয়।

লিজার পরিবারের দাবি, এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও চিকিৎসায় চরম গাফিলতির প্রমাণ মিললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার ও ক্লিনিকগুলোর লাইসেন্স বাতিলের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ.আই.এল/সকালবেলা