ফেনীতে নজরুলের জন্মজয়ন্তী পালিত

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
ফেনীতে নজরুলের জন্মজয়ন্তী পালিত

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করেছে ফেনী নজরুল একাডেমি। আজ সোমবার (২৫ মে) সকালে শহরের ঐতিহ্যবাহী রাজারঝি দিঘির পাড়স্থ নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে এই উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম.এ. খালেক।

ফেনী নজরুল একাডেমির সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আইয়ের সাবেক জেলা প্রতিনিধি রবিউল হক রবি এবং কাজী ইকবাল আহমেদ পরান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইকবাল আলম, হারুন অর রশিদ, জাফর উল্লাহ, মাসুম বিল্লাহ ও ডালিম হাজারীসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি অধ্যাপক এম.এ. খালেক তাঁর বক্তব্যে বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ। কবির সাম্যবাদী চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও প্রগতিশীল জীবনদর্শন বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ সমাজকে মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন করে গড়ে তুলতে নজরুলের জীবন ও সাহিত্য অনুসরণের কোনো বিকল্প নেই।” তিনি কবির এই মানবিক দর্শনকে ধারণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

স্মরণ ও আলোচনা সভা শেষে নজরুল একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলের গান ও আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে। এর আগে কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কবির মানবিক সত্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এআইএল/সকালবেলা