ভাঙ্গায় দাদির ওপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা
হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় দাদির সঙ্গে বিয়ের দাওয়াতে যেতে না পেরে অভিমান করে তাসফিয়া আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তাসফিয়া ওই গ্রামের আছান বেপারীর মেয়ে। সে সদরপুর উপজেলার বাইশরশি শিবসুন্দরী অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাসফিয়ার দাদি আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় তাসফিয়াও সঙ্গে যাওয়ার বায়না ধরে। কিন্তু দাদি তাকে না নিয়ে একাই চলে যান। এ ঘটনায় অভিমান করে বিকেলের দিকে তাসফিয়া নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|