পাঁচবিবিতে গ্রীষ্মেই মিলছে শীতের শিম, দাম চড়া

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ
পাঁচবিবিতে গ্রীষ্মেই মিলছে শীতের শিম, দাম চড়া

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: শীতের জনপ্রিয় সবজি শিম এখন পাওয়া যাচ্ছে তীব্র গরমের এই গ্রীষ্ম মৌসুমেও। জয়পুরহাটের পাঁচবিবি পৌর বাজারে উঠেছে গ্রীষ্মকালীন নতুন শিম, যা খুচরা বাজারে সর্বোচ্চ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অসময়ের এই সবজি বাজারে আসায় ক্রেতাদের মাঝেও দেখা গেছে বাড়তি আগ্রহ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পাঁচবিবি পৌর বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দোকানেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে গ্রীষ্মকালীন নতুন শিম। খুচরা ব্যবসায়ীরা কেজিপ্রতি ১৬০ টাকা দরে এই শিম বিক্রি করছেন, যা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

বাজারে সবজি কিনতে আসা এক নারী ক্রেতা জানান, অসময়ে বাজারে শিম দেখে কৌতূহল থেকেই ৪০ টাকা দিয়ে এক পোয়া কিনেছেন। অপর এক ক্রেতা জানান, দুই দিন আগেই নতুন এই শিম কিনে রান্না করে খেয়েছেন। স্বাদ বেশ ভালো হওয়ায় আজ আবারও কিনতে এসেছেন।

পাঁচবিবি বাজারের সবজি বিক্রেতারা জানান, পাইকারি বাজার থেকে ১৪০ টাকা কেজি দরে শিম কিনে এনে তারা ১৬০ টাকায় বিক্রি করছেন। দাম তুলনামূলক বেশি হলেও অসময়ের সবজির আলাদা চাহিদা থাকায় ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে অল্প অল্প করে শিম কিনছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন