মোরেলগঞ্জে নিজ উদ্যোগে ১২০০ ফুট রাস্তা সংস্কার
এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী একটি কাঁচা রাস্তা নিজেদের উদ্যোগে সংস্কার করেছেন স্থানীয় এলাকাবাসী। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেদের অর্থ, শ্রম ও সহযোগিতায় প্রায় ১২০০ ফুট রাস্তার সংস্কারকাজ শুরু করেছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বারইখালী কাশ্মীর এলাকা সংলগ্ন পানগুছি নদীর পাড় থেকে শুরু হয়ে ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিমুখী প্রায় ১২০০ ফুট রাস্তার সংস্কারকাজ করতে দেখা যায় স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল ও চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ ছিল নিত্যদিনের। এই অবস্থায় সরকারি বরাদ্দের আশায় বসে না থেকে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
এ সংস্কারকাজে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠোপোষকতায় এগিয়ে এসেছেন দুবাই প্রবাসী ও সমাজসেবক নাঈম হোসেন রিয়াদ এবং তাঁর ছোট ভাই নয়ন খলিফা। এ ছাড়া স্থানীয় বাসিন্দা এনামুল হক সজীব, আব্দুল কুদ্দুস, বাবুলসহ অনেকে শ্রম, অর্থ ও বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এ উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্ট প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি রাস্তা শুধু চলাচলের পথ নয়; এটি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। দীর্ঘদিন পর ভোগান্তি লাঘবে নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের এই প্রচেষ্টা অন্যদেরও সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
স্থানীয়দের দাবি, নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করা হলেও বর্ষা ও অতিবৃষ্টিতে রাস্তাটি যাতে আবার নষ্ট হয়ে না যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার ও উন্নয়ন করা হলে স্থায়ী সমাধান মিলবে।
এআইএল/সকালবেলা
|