ঝুঁকিমুক্ত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন পাঠদান নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি সামনে আসার পর আজ বুধবার (২২ জুলাই ২০২৬) জরুরি ভিত্তিতে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে ইউএনও মেখলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাড়িডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম জানান, বিদ্যালয়গুলোকে শিক্ষার উপযুক্ত ও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চূড়ান্তভাবে চিহ্নিত করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশপত্র পাঠানো হবে।
এআইএল/সকালবেলা
|