জামালপুরে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে তীব্র গরমের মাঝে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাহমিদ হাসান রাফি (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমিদ হাসান রাফি জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকার মুফতি জাকারিয়া হাসানের ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাফির বাবা মুফতি জাকারিয়া হাসান সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে পরিবারটি ওই কলেজ মসজিদের আবাসিক ভবনেই বসবাস করে।
স্থানীয় সূত্র ও রাফির বন্ধুদের তথ্য অনুযায়ী, আজ দুপুরে প্রচণ্ড গরমের কারণে রাফিসহ চার বন্ধু সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরপাড়ে বসেছিলেন। ওই সময় পুকুরে আরও অনেকেই গোসল করছিলেন। চারপাশের লোকজনকে গোসল করতে দেখে রাফির তিন বন্ধু পুকুরের পানিতে নামেন। রাফি সাঁতার না জানায় প্রথমে পুকুরে নামেননি এবং পাড়েই অবস্থান করছিলেন।
তবে এর কিছুক্ষণ পর হঠাৎ করেই তাকে আর পুকুরপাড়ে দেখা যাচ্ছিল না। পাড়ে শুধু তাঁর ব্যবহৃত স্যান্ডেল ও পাওয়ারের চশমা জোড়া পড়ে থাকতে দেখে বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
রাফির বন্ধু সারোয়ার হোসেন জানান, তারা মূলত বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করছিলেন। হঠাৎ রাফিকে দেখতে না পেয়ে ভালো সাঁতার ও ডুব দিতে পারেন এমন কয়েকজনকে সাথে নিয়ে তারা পুকুরের পানিতে অনুসন্ধান চালান। একপর্যায়ে রাফিকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মেধার এই অকাল মৃত্যুতে পরিবার ও কলেজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা