শাশুড়িকে কুপিয়ে হত্যার ৫ বছর পর জামাতার মৃত্যুদণ্ড
ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার এলাকায়। স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে সুজিত শীলের প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এর জের ধরে ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে সুজিত প্রথমে তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন। পরে পাশের কক্ষে গিয়ে শাশুড়ি জ্যোৎস্না রানীকেও দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে জ্যোৎস্না রানী মারা যান। এ ঘটনায় ইতি রানীর বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত সুজিত শীলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী হাসিব আহমেদ।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।