কালিয়াকৈরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের পেছনে একটি গরুবাহী ট্রাকের সজোরে ধাক্কায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে থেমে থাকা বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে হানিফ (৩০) নামে এক গরু ব্যবসায়ী এবং আলমগীর নামে ট্রাকচালক রয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় ট্রাকে থাকা একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং আহত অপর তিনটি গরুকে স্থানীয়রা জবাই করেন।
কালিয়াকৈর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এআইএল/সকালবেলা
|