ফেনীতে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত
ফেনী প্রতিনিধি: বন্ধুদের সাথে চট্টগ্রামের গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিহানুল ইসলাম শাওন (২০) ও ইকবাল হোসেন জিসান (২৩) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জের চৌধুরী পাড়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা আবু তৈয়বের ছেলে। আর জিহানুল ইসলাম শাওন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে। শাওন ফেনীর ‘হোমপ্লাস’ সুপার শপের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
নিহত শাওনের আত্মীয় সাংবাদিক এম. এমরান পাটোয়ারী জানান, শাওনসহ তাদের কয়েকজন বন্ধু বুধবার রাতে চট্টগ্রামের গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাত্রিযাপন শেষে সকালে তাঁরা মোটরসাইকেলযোগে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন।
শাওন ও জিসান একই মোটরসাইকেলে ছিলেন। পথে একটি দ্রুতগতির রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিসান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একমাত্র ছেলেকে হারিয়ে শাওনের পরিবারে এখন চলছে মাতম।
দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ঘাতক যানটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা