আশুগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—নরসিংদী সদরের হাজীপুর এলাকার মোঃ আলমগীর এবং রায়পুরার রতনপুর এলাকার সজিব মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশ অবস্থান নেয়। একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-১২৩৮) থামিয়ে তল্লাশি চালালে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি এবং তাঁদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
এআইএল/সকালবেলা