সোনারগাঁয়ে ভুয়া পুলিশসহ ২৪ আসামি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক যোগদানের পর থেকে অপরাধ দমনে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। তারই অংশ হিসেবে ভুয়া পুলিশসহ ২৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানা পুলিশের একটি চৌকস টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক মামলার ৩ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ আদালতের ১২ জন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী ১ জন এবং নারী-শিশু ও অন্যান্য মামলার ৪ জনসহ মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা