জামালপুরে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
জামালপুরে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: নতুন গ্যাস পাম্প স্থাপন ও তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের অবরোধের দীর্ঘ ৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন চালকরা। পরে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

হঠাৎ মহাসড়ক অবরোধের ফলে দুপাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দীর্ঘ সময় আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ পথচারীরা।

চালকদের ভাষ্যমতে, পুরো জামালপুর জেলায় বিআরটিএ নিবন্ধিত ও অন্যান্য জেলা থেকে আসা মিলিয়ে প্রায় ৫ হাজার সিএনজির বিপরীতে 'জাবেদ ফিলিং স্টেশন' নামে মাত্র একটি মাত্র গ্যাস পাম্প চালু রয়েছে। ফলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে পর্যাপ্ত গ্যাস পান না। দিনের সিংহভাগ সময় লাইনে ব্যয় হওয়ায় উপার্জন বন্ধ হয়ে তারা পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।

আন্দোলনকারী সিএনজি চালক আজিজুল ও সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছিলেন। তবে ইউএনও তাঁদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব নিশ্চিত করেছেন যে, সিএনজি মালিক-চালকদের যুক্তিসংগত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তুলে ধরার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন