গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ, অস্ত্রসহ সন্ত্রাসী ইলিয়াস আটক

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ, অস্ত্রসহ সন্ত্রাসী ইলিয়াস আটক

নাজমুল ইসলাম (শরণখোলা, বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশের এক সাহসিক অভিযানে গ্রেপ্তার হয়েছেন এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ইলিয়াস তালুকদার (৪৩)। অভিযানের সময় তাঁর বসতঘর থেকে দা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রায়েন্দা বাজারের ওয়াপদা কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইলিয়াস ওই এলাকার মৃত হাসেম তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াসের বাড়িতে অভিযান চালায় শরণখোলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইলিয়াস কলোনির বাউন্ডারি ওয়াল টপকে পার্শ্ববর্তী নদীতে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা চালান। পরে পুলিশ নদী থেকে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করে।

এলাকাবাসীর ভাষ্যমতে, ইলিয়াস দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন। তাঁর এই গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গ্রেপ্তারকৃত ইলিয়াসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৩ আগস্ট) সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। পরে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে সরাসরি জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন