কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ণ
কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ্ আল নোমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল ছিল। নোমান মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে ফিরছিলেন। পথে চড়াইকোল রেলগেট এলাকায় একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ নিচে পড়ে যান। এতে তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন