কোটালীপাড়ায় জাল দলিল লেখার অভিযোগে বরখাস্ত ২
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল দলিল লেখার অভিযোগে দুই দলিল লেখককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত দুই দলিল লেখক হলেন— উপজেলার বংকুরা গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন শেখ এবং কাঠি গ্রামের মৃত শহীদুল শরীফের ছেলে মিজানুর রহমান বুলবুল শরীফ।
উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের অনুমোদনক্রমে মঙ্গলবার (৪ আগস্ট) বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হলেও তা বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে কার্যকর হয়। একই সাথে কেন তাঁদের স্থায়ীভাবে বরখাস্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে জাল দলিল তৈরির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় সাব-রেজিস্ট্রার এই পদক্ষেপ গ্রহণ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বরখাস্তকৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখ জানান, জমির মালিক পরিচয়দানকারী ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নিয়ম মেনে কাগজ জমা দেওয়া হয়েছিল। সাব-রেজিস্ট্রার যাচাই-বাছাই করেই তা রেজিস্ট্রি করেছিলেন। পরবর্তীতে জাল কাগজের বিষয়টি সামনে এলে তাঁদের বরখাস্ত করা হয় এবং ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় ও সেবাগ্রহীতাদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার অফিসের একটি চক্র দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জাল দলিল করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। তারা এই চক্রের স্থায়ী বহিষ্কার ও আইনি শাস্তির দাবি জানিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন জানান, জাল কাগজপত্র উপস্থাপনের প্রমাণ পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করে কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|