কটিয়াদীতে গ্যাস পাইপলাইনে ছিদ্রের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
কটিয়াদীতে গ্যাস পাইপলাইনে ছিদ্রের ঘটনায় গ্রেপ্তার ২

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার চেষ্টার ফলে তিতাস গ্যাসের উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনে ছিদ্র সৃষ্টি হয়ে প্রায় ৪৫ দিন ধরে ৫ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের ঘটনায় দুই জমির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে কটিয়াদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকা থেকে শামসুদ্দীনের ছেলে মো. সুলতান উদ্দিন আকন্দ ও আব্দুল করিমের ছেলে মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করে। তবে এ মামলার মূল আসামি চুনাপাথর কারখানার মালিক হোসেন তালুকদার পলাতক রয়েছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন জানায়, নরসিংদী থেকে কিশোরগঞ্জগামী উচ্চচাপের মূল সঞ্চালন লাইনের কাজীরচর অংশে একটি অবৈধ চুনাপাথর কারখানায় চোরাই সংযোগ নেওয়ার সময় পাইপলাইনে ছিদ্র তৈরি করা হয়। ফলে দীর্ঘ দেড় মাস ধরে অনবরত গ্যাস বের হতে থাকে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস অপচয়ের পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। পরবর্তীতে টানা কারিগরি প্রচেষ্টায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে লিকেজ মেরামত করা সম্ভব হয়, তবে এই সংস্কারকাজের জন্য কয়েক দিন কিশোরগঞ্জ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়।

এ ঘটনায় কটিয়াদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অবৈধ কারখানাকলটি উচ্ছেদ করা হয় এবং সংযোগে ব্যবহৃত আলামত জব্দ করা হয়। পরে তিতাস গ্যাসের ময়মনসিংহ লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপক মাসুদুর রহমান বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় বাংলাদেশ গ্যাস আইনে মামলা দায়ের করেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, দীর্ঘ ৪৫ দিন ধরে পাইপলাইন ছিদ্র থাকায় আনুমানিক ৫ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যাস অপচয় হয়েছে। এটি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির পাশাপাশি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামিকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে এবং কারখানার মালিকসহ বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন