এনসিপির ওপর হামলা, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
এনসিপির ওপর হামলা, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে শরীয়তপুর জেলা ছাত্রলীগের কর্মী সোহান পাহাড়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পালং মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সোহান পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া গ্রামের দুলাল পাহাড়ের ছেলে। তিনি শরীয়তপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে তাঁর চূড়ান্ত পরীক্ষা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহানের বিরুদ্ধে পূর্বে এনসিপি নেতাকর্মীদের মারধরের ঘটনায় থানায় এজাহারভুক্ত মামলা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে আয়োজিত একাধিক কর্মসূচিতে তাঁর সক্রিয় উপস্থিতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সোহান পাহাড় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন