মোরেলগঞ্জে জমি দখলের অভিযোগ, হামলায় আহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
মোরেলগঞ্জে জমি দখলের অভিযোগ, হামলায় আহত ৩

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার দুপুরের দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ন্যাক্কারজনক হামলার ঘটনার বিবরণ তুলে ধরে আজ বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী আবু মুসা হাওলাদারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলিশাখালী গ্রামের আ. সালাম হাওলাদারের ছেলে আবু মুসা হাওলাদার নিজের কেনা (কবলাকৃত) সম্পত্তিতে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু ওই সম্পত্তির ভুয়া ও কাল্পনিক দাবিদার সেজে একই এলাকার সালেহ আহম্মদ গাজী ও তার লোকজন দীর্ঘদিন ধরে জমি জবরদখলের চেষ্টাসহ বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিয়ে আসছিল।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত বুধবার আবু মুসা হাওলাদার ও তার স্ত্রী সালমা বেগম মিলে তাদের বসতবাড়ির চারদিকের ঘেরাবেড়া দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ সালেহ আহম্মদ গাজী ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আচমকা সেখানে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালাগালিসহ জীবননাশের হুমকি দিতে থাকে।

আবু মুসার স্ত্রী সালমা বেগম তাদের গালমন্দ করতে নিষেধ করায়, হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে একযোগে তার ওপর চড়াও হয় এবং বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত আলম খলিফা ও রাকিবুল ইসলাম খলিফা নামের দুই ব্যক্তি সালমা বেগমকে বাঁচাতে এগিয়ে আসলে, সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

সংবাদ সম্মেলনে মো. মেহেদী হাসান এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গুলিশাখালীতে হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

এআইএল/সকালবেলা