শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি উন্নত জাতের গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার চরম ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত খামারি আমজাদ আলী প্রামাণিক।

সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খামারের ওপর দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের লাইন হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে খামারে থাকা গাভীগুলো বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাসিন্দাদের অভিযোগ, খামার ও বসতবাড়ির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লাইন টানা হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। দ্রুত লাইন মেরামত ও নিয়মিত তদারকির দাবি জানান তাঁরা।

ক্ষতিগ্রস্ত খামারি আমজাদ আলী প্রামাণিক বলেন, "সাতটি গাভী পালন করেই আমার সংসার চলত। এক মুহূর্তের দুর্ঘটনায় তিনটি গাভী মারা গিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব, সরকারের কাছে ক্ষতিপূরণের আকুল আবেদন জানাচ্ছি।"

বিষয়টি নিয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জহির আব্বাস খান জানান, তার ছিঁড়ে গরু মৃত্যুর ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে লাইনটি শাহজাদপুর জোনের নয়, বরং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন