দাউদকান্দিতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি (দাউদকান্দি), কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ১৪ বছর বয়সী শিশু অটোচালক রিফাতকে নির্মমভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে নিহত চালকের ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল দিবাগত রাতে কোনো এক সময়ে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর ব্রিজের পাশে শিশু রিফাতকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে চম্পট দেয় ঘাতকরা। ঘটনার পর নিহতের মা সুমি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল রবিবার রাতে দাউদকান্দি পৌরসভা ও কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল তিন আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামের মো. শাহজালাল (৩৬), কুমিল্লা কোতোয়ালি এলাকার মো. সুমন মিয়া (৩৫) এবং একই এলাকার সোহেল মিয়া (৩১)।

ঘটনার সতত্য নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, "এটি অত্যন্ত মর্মান্তিক ও চাঞ্চল্যকর একটি ঘটনা ছিল। ঘাতকরা এক শিশু চালককে হত্যা করে ব্রিজের নিচে লাশ ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তিন আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়েছে।"

আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন