মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে প্রায় তিন দশক (৩০ বছর) ধরে অবৈধ দখলে থাকা একটি সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটিয়ে প্রায় ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি পুনরুদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উমরমজিদ মৌজার এই সরকারি রাস্তাটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতে সরকারি রেকর্ডের নকশা অনুযায়ী রাস্তার মূল সীমানা চিহ্নিত করা হয় এবং সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়。
স্থানীয় সূত্রে জানা গেছে, আটহাজারী গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনে অবস্থিত সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার বা ব্যবহার না হওয়ার সুযোগে এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ধীরে ধীরে এর বিভিন্ন অংশ দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এর ফলে এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং বছরের পর বছর ধরে তাদের বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হতে হতো।
রাস্তাটি উদ্ধার হওয়ায় এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটলো। যাতায়াত সহজ হওয়ায় স্থানীয় বাসিন্দারা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, “সরকারি জমি, জলাশয় ও জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো স্থাপনা অবৈধ দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনগণের চলাচলের সাধারণ পথ এভাবে অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে আমাদের এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা