‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন
নিজস্ব প্রতিবেদক: ‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন, টাকা দিচ্ছি’—পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের জিরো লাইনে আটকে থাকা এক বাবার এমন আকুতিতে ভারী হয়ে উঠেছে সীমান্ত এলাকা। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে তৃষ্ণায় কাঁদছে ৩টি শিশু। খোলা আকাশের নিচে টানা ৩৮ ঘণ্টারও বেশি সময় ধরে ভারতের অংশে অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ মোট ১০ জন।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই দুই দেশের মাঝামাঝি জিরো লাইনের ভারতীয় ভূখণ্ডে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। আটকে পড়াদের মধ্যে দুই শিশুর বয়স ৬ বছর এবং অপরটির বয়স ৯ বছর।
সরেজমিনে জানা গেছে, গত শুক্রবার রাতভর মুষলধারে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ভিজেই রাত কাটাতে হয়েছে এই অসহায় মানুষদের। দীর্ঘ সময় ধরে খাবার ও বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা না থাকায়, নিরুপায় হয়ে শিশুরা বৃষ্টির পানি এবং আশপাশে জমে থাকা ডোবার পানি পান করছে। অনিরাপদ এই পানি পানের কারণে শিশুরা যেকোনো সময় মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাদের অভিভাবকেরা।
৩৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এই সংকটের কোনো সুরাহা হয়নি। বাংলাদেশ এটিকে অবৈধ পুশ ইন হিসেবে আখ্যা দিয়ে তাদের গ্রহণ করছে না, অন্যদিকে ভারতও তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিচ্ছে না।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, "আমাদের বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে বিএসএফ ১০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছেন।"
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে যেকোনো ধরনের পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম কঠোরভাবে জোরদার করা হয়েছে।