নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: ‘বৃক্ষরোপণ সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আনুষ্ঠানিকভাবে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ মানুষের জন্য অক্সিজেন, খাদ্য ও নানাবিধ সম্পদের প্রধান উৎস হওয়ায় তিনি সবাইকে পতিত জমিতে ও বসতবাড়ির আঙিনায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইখতিয়ার আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক জাহিদুল ইসলাম।
এর আগে মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্রায় একই স্থানে এসে শেষ হয়।
জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই বৃক্ষমেলা আগামী ১০ দিন প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় স্থান পাওয়া ১৭টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
এআইএল/সকালবেলা