কালিহাতীতে শিক্ষার সভায় শিক্ষক অবমূল্যায়নের অভিযোগ

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
কালিহাতীতে শিক্ষার সভায় শিক্ষক অবমূল্যায়নের অভিযোগ

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: ‘শিক্ষা আলো ছড়ায়, মাদক জীবন হারায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষকদের নিয়ে আয়োজিত এই সভায় মঞ্চে কোনো শিক্ষককে স্থান না দেওয়া এবং এক জ্যেষ্ঠ শিক্ষক নেতাকে প্রথম সারির আসন থেকে সরিয়ে পেছনের সারিতে পাঠানোর অভিযোগে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সভা হলেও মঞ্চে কোনো কলেজের অধ্যক্ষ কিংবা কোনো স্তরের শিক্ষাবিদকে আসন দেওয়া হয়নি। উপরন্তু বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আব্দুল আউয়ালকে দর্শকসারির প্রথম সারি থেকে সরিয়ে পেছনের সারিতে পাঠিয়ে দেওয়া হয়।

লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, "শিক্ষার মানোন্নয়ন সভায় অধ্যক্ষ বা শিক্ষকদের মঞ্চে স্থান না দিয়ে শিক্ষক সমাজকে চরম অবমূল্যায়ন করা হয়েছে। এমনকি এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষকেও মঞ্চে রাখা হয়নি, অথচ অনেক অযাচিত লোককে মঞ্চে বসানো হয়েছে।"

ঘটনাটিকে পরিকল্পিত উল্লেখ করে ক্ষুব্ধ শিক্ষক নেতারা এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং ভবিষ্যতে শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে এমন আয়োজনের দাবি জানিয়েছেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কালিহাতী থানার ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমীর আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন