কুষ্টিয়ায় চা বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার
কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনপ্রয়োগকারী সংস্থা।
আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাঠে বাঁশের মাচার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরবর্তীতে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের পরিবার মূলত পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
এআইএল/সকালবেলা