দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: পার্বত্য এলাকার টেকসই উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে স্থানীয় পর্যায়েই কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের এ ধরনের সাহায্য অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন এবং পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন ই-লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন