শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

মো. ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ি হাজেরা খাতুন ওরফে মুল্লুক চানকে কুপিয়ে হত্যা করার মামলায় জামাতা আব্দুল কাদির মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এই রায় ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদির মিঞা চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত আবদুস রাজ্জাক মিঞার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি কাদির মিঞার স্ত্রী বীনা সরকার বিদেশ থেকে পাঠানো টাকা পাঠানো নিয়ে তাঁর মা হাজেরা খাতুনের সঙ্গে কাদির মিঞার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুরবাড়ির রান্নাঘরে ঢুকে শাশুড়ি হাজেরা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে আব্দুল কাদির মিঞাকে একমাত্র আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১২ সালের ৮ মে চুনারুঘাট থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আফজাল হোসেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, অপরাধীর সাজা নিশ্চিত হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন