পিতাকে কুপিয়ে হত্যা: ঘাতক পুত্র ঢাকায় গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
পিতাকে কুপিয়ে হত্যা: ঘাতক পুত্র ঢাকায় গ্রেপ্তার

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ পিতাকে কুড়াল (মুন্ডুর) দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মূল এজাহারনামীয় আসামি ঘাতক পুত্র মোঃ রাকিব উর রহমানকে (২২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রবিবার (২৮ জুন) প্রথম প্রহরে (রাত ১২:১০ মিনিটে) র‍্যাব-৫ ও র‍্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকার মিরপুর থানাধীন মধ্য পাইকপাড়া গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত রেজাউল করিম (৬০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন। গত ২২ জুন সকালে ছেলে রাকিব চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা যাওয়ার কথা বলে তাঁর বাবার কাছে টাকা চান। রেজাউল করিম তাঁর স্ত্রীকে টাকা দিতে বললে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম তাঁর স্ত্রীকে মারধর শুরু করলে পাশে থাকা ছেলে রাকিব ক্ষিপ্ত হয়ে উঠানে থাকা কুড়াল (মুন্ডুর) দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন গুরুতর রক্তাক্ত অবস্থায় রেজাউল করিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় নিজের ছেলেকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে আসামিকে গ্রেফতারে ছায়াতদন্ত ও অভিযান শুরু করে র‍্যাব।

অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আত্মগোপনে থাকা ঘাতক পুত্র রাকিবকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি তাঁর পিতাকে হত্যার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন