পাঁচবিবিতে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র বৃষ্টির পর চোখের পলকে একটি শতবর্ষী বিশালাকার রেইনট্রি গাছ উপড়ে পড়েছে। এতে তিনটি টিনশেড ঘরবাড়ি দুমড়েমুচড়ে গেলেও ঘরের বাসিন্দারা বাইরে থাকায় অল্পের জন্য অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তিনটি পরিবারের সদস্যরা। আজ সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১০টায় পাঁচবিবি ১ নং রেলগেটের উত্তর পাশে রেল কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সামগ্রী ও ত্রাণ নিয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে পাঁচবিবি এলাকায় ব্যাপক মুষলধারে বৃষ্টিপাত হয়। বৃষ্টির পরপরই হঠাৎ করে কলোনির ভেতরের শতবর্ষী রেইনট্রি গাছটি বিকট শব্দে উপড়ে পড়ে। গাছটি পড়ার সময় রেল কলোনির বাসিন্দা মৃত শেখ ফরিদের ছেলে নাজমুল, মৃত শুশীল রায়ের স্ত্রী জোসনা রানী এবং মৃত আব্দুল জলিলের ছেলে ইউসুব আলীর টিনশেড ঘরগুলোর ওপর আছড়ে পড়লে সেগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও গাছটি উপড়ে পড়ার কারণে সংলগ্ন রেল লাইনের স্লিপারের নিচ থেকে মাটি ও পাথর সরে গেছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ওই ১ নং রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, ওই এলাকায় রেলের জমিতে আরও কয়েকটি বিপজ্জনক মৃত ও অর্ধমৃত গাছ দাঁড়িয়ে আছে, যা যেকোনো সময় উপড়ে পড়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এসব ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণে তাঁরা রেল কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।
দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া তিনটি পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে কম্বল, শুকনো খাবার ও নতুন ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি এবং ছাত্রনেতা রাজিব ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এআইএল/সকালবেলা