বাবার লাশ রেখে সম্পত্তির জন্য সন্তানদের মারামারি
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে জমিজমা ও সম্পত্তির ভাগাভাগি নিয়ে সন্তানদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে ওই বৃদ্ধের লাশ দাফন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধ মফিজ উল্যা একই বাড়ির জালাল আহমেদের ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। পরে লাশটি ফ্রিজিং ভ্যানে রাখা হয় এবং একদিন পর বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে প্রবাসী মনিরের বাড়িতে তাঁর ভাই মিলন ও ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা ঘর ভাঙচুর করে জমির গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ ছিনিয়ে নেন এবং পরিবারের সদস্যদের মারধর করেন। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার ঘটনার পর থেকে সৎমা নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বাড়ির সিসিটিভি ফুটেজেও তাঁকে মারধরের দৃশ্য ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক কলহ ও জমিজমা নিয়ে সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা চলছিল। এ কারণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রবাসী ছেলে মনিরের বাড়িতেই বসবাস করতেন। মূলত জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরেই বাবার লাশ বাড়িতে থাকা অবস্থায় এমন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক দাবি করেন, জমির মূল্যবান দলিলপত্র হাতছাড়া হওয়ার আশঙ্কায় তাঁরা সেগুলো উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাঁদের যাওয়ার আগেই কে বা কারা ওই বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনার কথা তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
এআইএল/সকালবেলা