কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় ১৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহজাহান ওরফে সাজু, একই এলাকার আবদুল হেকিমের ছেলে রতন ওরফে মো. শফিকুল ইসলাম রতন এবং গাইটাল (শ্রীনগর) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আবু তাহের।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহম আলী।

মামলার নথি ও তদন্ত সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন। ২০০৮ সালের ১১ জানুয়ারি রাত আনুমানিক ৭টার দিকে সাজু, রতন ও আবু তাহের ওই হোটেলে যান। চা-পুরি খাওয়ার কথা বলে তাঁরা জয়নালকে ডেকে নিয়ে যান; এরপর তিনি আর বাড়িতে ফেরেননি এবং স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাননি।

পরদিন ১২ জানুয়ারি সকালে গাইটাল নয়াপাড়া এলাকার মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে অর্থনৈতিক লেনদেন নিয়ে একই গ্রামের মানিক ভুঞার সঙ্গে জয়নালের বিরোধের বিষয়টি আলোচনায় আসে। ওই ঘটনায় জয়নালের স্ত্রী বাদী হয়ে মানিক ভুঞাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন এবং পুলিশ তখন মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেফতার করে।

পরবর্তী সময়ে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হলে তদন্তের মোড় ঘুরে যায়। সিআইডির তদন্তে উঠে আসে, জমি বিক্রির টাকা নিয়ে জয়নালের কাছে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন শাহজাহান সাজু। টাকা না দিলে জমি বিক্রির অর্থ ভোগ করতে না দেওয়ার পাশাপাশি জয়নালকে হত্যার হুমকিও দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, রতনের সঙ্গে মানিক ভুঞার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের জেরে মানিককে ফাঁসানো এবং শায়েস্তা করার উদ্দেশ্যে তাঁর ঘনিষ্ঠ বন্ধু জয়নালকে হত্যার পরিকল্পনা করেন রতন এবং সেই পরিকল্পনায় সাজু ও আবু তাহেরকে যুক্ত করেন। তদন্ত অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি রাতে ধারালো অস্ত্র দিয়ে জয়নালের গলা কেটে হত্যা করার পর মরদেহ হাওরের মাঝখানে ফেলে রাখা হয়।

সিআইডির তদন্তে হত্যাকাণ্ডে সাজু, রতন ও আবু তাহেরের সম্পৃক্ততার প্রমাণ মেলে; আর মানিক ভুঞা ও জামিল উদ্দিনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়। ২০১২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে প্রায় ১৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।

এআইএল/সকালবেলা